র ফি কু ল ই স লা ম

  • শরতে শূন্যতার উপাখ্যান
  • ২০২৬-০৯-২৪ ১৪:১৬:৫১
image

‎অনন্ত নীলের বুকে মেঘেরা চলে যায়
‎এক মায়াময় শূন্যতার টানে,
‎শ্বেত মেঘেদের যে মহানিষ্ক্রমণ,
‎সে তো নয় কোনো মহোৎসব —
‎সে এক মহাজাগতিক একাকীত্ব।
‎শিউলি ঝরার যে নিঃশব্দ পতন ঘটে,
‎তা আমারই বুকে জমে থাকা
‎এক প্রাচীন উপাখ্যান।
‎নদীর কূলে কাশফুলের এই ব্যাকুল দোলা
‎কোনো চপল নৃত্য নয়,
‎সে তো অলখ ছোঁয়ায় কেঁপে ওঠা তৃষ্ণা।
‎যে শরতের পূর্ণিমা আলোতেও—
‎নেমে আসে কাল্পনিক অমাবস্যার অন্ধকার।
‎দিগন্তরেখা যেখানে মরীচিকার মায়াজাল বোনে,
‎সেখানে আমার না-পাওয়ার হাহাকার
‎অমল ধবল হয়ে ফোটে।
‎হে শরৎ, তোমার এই স্নিগ্ধ রোদের তীব্র দহন—
‎বাইরে নয়, আমার অন্তহীন অন্তরালে।
‎শুভ্রতার এই আবরণে যে চিতার আগুন,
‎তাতে পুড়ে ছাই হয় প্রতিদিন
‎শান্ত নীল জলে এক একটা নীলপদ্ম।