জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর সহযোগিতার কাঠামো গড়ে তোলা এবং বিশ্বব্যাপী জনহিতকর ও মানবিক কার্যক্রমের পরিধি বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। ‘দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের নতুন আহ্বান’ শীর্ষক ওই আয়োজনে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ ছাড়া ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। বৈশ্বিক বৈষম্য মোকাবিলায় ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের উদ্যোগে আয়োজিত একটি সভাতেও তিনি বক্তব্য দেবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ বিতর্কে এটিই হবে তাঁর প্রথম ভাষণ।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তারেক রহমান, জনহিতকর সংস্থা, আন্তর্জাতিক সহযোগিতা