অথেন্টিক ফাউন্ডেশনের উদ্যোগ:চবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্য ড. আল-ফোরকান

  • হাসান মেহেদী :
  • ২০২৬-০৯-২২ ২২:২৭:৪২
image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সমাজকল্যাণ ও শিক্ষামূলক দাতব্য প্রতিষ্ঠান ‘অথেন্টিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান কর্মসূচিটির উদ্বোধন করেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় অথেন্টিক ফাউন্ডেশনের পাঁচ বছর মেয়াদি পরিবেশবান্ধব মিশন ‘গ্রিনসোল: ৫০০০ ট্রিস ফর আর্থ’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ‘সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির উদ্বোধনকালে অথেন্টিক ফাউন্ডেশনের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা উপাচার্যের হাতে গাছের চারা তুলে দেন। এর মধ্য দিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান অথেন্টিক ফাউন্ডেশনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বনায়নের জন্য অথেন্টিক ফাউন্ডেশন যে দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাউন্ডেশনের সদস্যদের বলিষ্ঠ নেতৃত্ব, লব্ধ জ্ঞান, একাগ্রতা এবং এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অথেন্টিক ফাউন্ডেশনের ‘গ্রিনসোল: ৫০০০ ট্রিস ফর আর্থ’ মিশনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করার পরিকল্পনা রয়েছে। পাঁচ বছর মেয়াদি এ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সবুজ ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ ক্যাম্পাসে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন ও সম্পৃক্ত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।