ম হু য়া বি শ্বা স

  • সমান অভিযুক্ত
  • ২০২৬-০৯-২২ ১০:১১:৫৩
image

সকালের ঘুম চায়ে আকাশের মুখ ভার
মাঝরাতে মেঘেদের কান্না ।
গাছেদের ভেজা ডালে পাতাদের হরতাল
বন্ধ থাকবে আজ রান্না ।

তোমার বিছানা জুড়ে সারারাত বৃষ্টি
ভেজা বালিশের খাঁজে মুঠোফোন ।
চোখ জুড়ে কাজলের অবাধ্য রয়ে যাওয়া
চায়ের কাপেতে ডুবে ভাঙা মন ।

একলা শালিখ ভেজে উঠোনের কোন ঘেঁষে
একা ঘরে মন তার  রয় না ।
ভেজে ডানা ভেজে সুখ ভেজে তার চোখ মুখ
এ বিরহ তারও বুঝি  সয় না ।

তুমিও তো ভেজো রাতে বালিশের আড়ালেতে
সকালে মনের রাখো বায়না ।
কপালে ছোট্ট টিপ হালকা তাঁতের শাড়ি
গলায় সুতোর বোনা গয়না  ।

রাস্তায় হেঁটে যাও ,  কফিশপে কফি খাও
হাসিতে ঝরাও সাদা মুক্ত ।
রাতের আঁধার জুড়ে ব্যথার কবর খুঁড়ে
তুমিও সমান অভিযুক্ত  ।