অ র্চ না মা লা কা র

  • বঞ্চনার শিকার
  • ২০২৬-০৯-২১ ১২:২২:৫৯
image

ভূমিষ্ঠ হয়েই কেঁদে উঠেছিলাম পৃথিবীর বৈষম্য দেখে,
আমি যখন কাঁদছিলাম ওরা আনন্দে হাসছিল,
কেউ একবারও আমার কষ্টের কথা ভাবলো না।
ওরা ঘরে নরম বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে পড়লো,
আর আমার মা এক টুকরো কাপড়ে আমাকে জড়িয়ে
কুঁড়ে ঘরে বসে রইলো।
একটু একটু করে বড়ো হতেই দেখতে পেলাম বাবার ঘাম ঝরা খাটুনি,
ওরা ছাতা মাথায় খবরদারি করে
আর বাবা রোদবৃষ্টিকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে,
তবু ন্যায্য মজুরিও পায় না।
যাদের রক্তে তৈরি যানবাহনে ওরা চড়ে বেড়ায়,
যে অট্রালিকায় আরামে বাস করে,
অথচ তারাই অবহেলিত থাকে চিরদিন।
যাদের জন্য দামি টেবিলে বসে চেটেপুটে খেয়ে ঢেঁকুর তোলে
তারাই ওদের অত্যাচারে শিকার হয়,
রিচ ফুড তো দূরের কথা পেট ভরে দু'বেলা দুমুঠো খেতেও দেয় না।
অথচ প্রতিনিয়ত ডাস্টবিনে ঢেলে দেয় কত খাবার
দেখে চোখ দুটো জলে ভিজে ওঠে ছেলেটার কথা ভেবে।
এসব বৈষম্যের দেওয়ালটা কবে ভেঙে পড়বে !
কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারে না,
কারণ ওরা সমাজের অহেতুক জঞ্জাল
বৈষম্যের জালে বন্দী কিছুই করার নেই ওদের।