সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২০ ১১:৫২:৫২
image

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর রিয়াদকে সামরিক সহায়তার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তুরস্ক। ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা জানান।
তিনি বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা গুরুতর হুমকির মুখে পড়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে উল্লেখ করে ফিদান বলেন, সৌদি আরবের বর্তমানে কিছু সামরিক সহায়তা প্রয়োজন, বিশেষ করে কারিগরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে। তুরস্ক এ ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
হাকান ফিদান বলেন, সংকটের এই সময়ে সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে থাকার বিষয়ে তুরস্ক অঙ্গীকারবদ্ধ। প্রয়োজন হলে কারিগরি সামরিক সহায়তা পাঠানোর জন্য আঙ্কারা প্রস্তুত রয়েছে।
গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত ওই সমঝোতা অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করে যৌথভাবে মোকাবিলা করার কথা রয়েছে।
এর মধ্যেই শনিবার হুথিরা দাবি করে, তারা সৌদি রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে।
হামলার পর রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের কাছে আরামকোর একটি উড়োজাহাজের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
হামলার ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। তাৎক্ষণিকভাবে শত শত ফ্লাইট বাতিল করা হয় এবং আরও কয়েকশ ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটে।

সৌদি আরব, তুরস্ক, হুথি হামলা