১৭ বছর বয়সী ফ্লয়েড সাম্বার জোড়া গোল, অভিষেকে অ্যালানের গোল আর রায়ান শেরকির নৈপুণ্যে নরউইচ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। বড় জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা।
বৃহস্পতিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের দল নরউইচের বিপক্ষে বদলে যাওয়া একাদশ নিয়েই মাঠে নামে সিটি। ম্যাচের ২৯ মিনিটে গোলের খাতা খোলে স্বাগতিকরা। ডান দিক থেকে আসা বল ফিরিয়ে এনে আক্রমণ তৈরি করেন অ্যালান। এরপর দারুণ ডাইভিং হেডে বল জালে পাঠান সাম্বা।
এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সিটি। বিশ্বকাপে আলো ছড়ানো মরক্কোর তরুণ আয়ুব বুয়াদ্দির পাস থেকে বল পান রায়ান শেরকি। গোলরক্ষক ড্যানিয়েল গ্রিমশকে পরাস্ত করে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন তিনি।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি সিটির। দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মধ্যে তৃতীয় গোলটি করেন অ্যালান। রায়ান আইত-নুরির পাস পেয়ে বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে দূরের কোণে নিখুঁত শটে নিজের অভিষেক গোলটি করেন নতুন চুক্তির এই খেলোয়াড়।
নরউইচের কেলেন ফিশার ও অ্যান্থনি মুসাবা ব্যবধান কমানোর চেষ্টা করলেও সিটির রক্ষণ ভাঙতে পারেননি। উল্টো ৫৪ মিনিটে নরউইচের ভুল পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সাম্বা। নিচের ডান কোণে দারুণ শটে বল পাঠান ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের এই ফরোয়ার্ড।
হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন সাম্বা। তবে শেষ পর্যন্ত তৃতীয় গোলটি আর পাওয়া হয়নি তার। নরউইচের বদলি মোহাম্মদ তুরের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচের শেষ মুহূর্তে সিটির হয়ে পঞ্চম গোলটি করেন রায়ান ম্যাকঅইডো। রিকো লুইসের বুদ্ধিদীপ্ত ছেড়ে দেওয়া বল পেয়ে ৯০ মিনিটে লক্ষ্যভেদ করেন একাডেমির এই খেলোয়াড়।
রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বিতর্কিত ডার্বি জেতা সিটি এদিন একাদশে ১০টি পরিবর্তন নিয়ে নামে। আগের ম্যাচের একাদশ থেকে কেবল রায়ান শেরকি ছিলেন শুরুতে। এত পরিবর্তনের পরও ম্যাচে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সিটিকে।
ম্যাচে ১৪টি শট নেয় সিটি, তৈরি করে ১.৩৮ প্রত্যাশিত গোল। বিপরীতে নরউইচের শট ছিল মাত্র চারটি, প্রত্যাশিত গোলের পরিমাণ ০.১২। বল দখলেও ৬৫.৯ শতাংশ নিয়ে এগিয়ে ছিল সিটি।
নিচের স্তরের দলের বিপক্ষে লিগ কাপে সিটির দাপটের ধারাবাহিকতাও আরও দীর্ঘ হলো। এ ধরনের প্রতিপক্ষের বিপক্ষে টানা ১৯ ম্যাচে পরের রাউন্ডে উঠেছে তারা। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমের দ্বিতীয় রাউন্ডে তৃতীয় স্তরের দল ব্রাইটনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল সিটি।
এবার লিগ কাপের পরের রাউন্ডে সেই ব্রাইটনেরই মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করা ব্রাইটনই হবে সিটির পরবর্তী প্রতিপক্ষ।
ম্যানচেস্টার সিটি, লিগ কাপ, ফ্লয়েড সাম্বা