জা হা না রা বু লা

  • অর্ধনগ্ন
  • ২০২৬-০৯-১৮ ০৯:২৩:১১
image

তোমাকে তোমার কাছে ফিরিয়ে দিতে গিয়ে আমার আর ফেরার সময় হলো না।
আমি সেই অর্ধনগ্ন এক মানস-মূর্তি হয়ে রয়ে গেলাম 
এই চত্বরে।

আমারও জীবন ছিল, জীবনের বৃত্তান্ত ছিল;
লিপিবদ্ধ করতে পারিনি কোনো প্রেমের কিংবদন্তি গল্পের মতো।

একদিকে ভালোই—
মধ্যরাতের জোছনায় স্নান হয় আমারই
যখন জনকোলাহল থেমে যায়,
যখন পথের ধারের নিয়ন বাতিগুলো নিভুনিভু আলোয় অসহায় হয়ে পড়ে,
সমস্ত রাজপথ আমার কাছেই নতজানু হয়ে
তাদের পবিত্রতার কাহিনি শোনায়।

ময়রাবাড়ির কুকুরগুলো লোম ঝরাতে ঝরাতে
জানান দিয়ে যায় আমার অবস্থান।
আমি তবু অট্টহাসি চেপে রেখে বিনম্রতায়
ওদেরই গায়ে হাত বুলাই।
কেননা, আমি ব্যর্থ হয়েছি নিজেকে ফিরে পেতে।

যদিও এখন অভ্যস্ত—
ভোরের জমাদারের ঝাঁট দেওয়া শুকনো পাতাদের
উড়ে এসে গায়ে পড়ার-
প্রতিদিনের এই রোজনামচার।