চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযানকালে গুলি করে একটি মোটরসাইকেল থামিয়ে ১টি বিদেশী পিস্তল,৪ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন এবং ২টি মোটরসাইকেল সহ মশিউর রহমান(২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। মশিউর জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর তিলকী গ্রামের জেম আলীর ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে শিবগঞ্জের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩ এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বালিয়াদীঘি ধনিপাড়া এলাকায় সড়কের উপর যানবাহন তল্লাশী শুরু করে। তল্লাশী চলাকালে একজন মোটরসাইকেল আরোহি পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি সদস্যরা শটগান দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে মোটরসাইকেল আরোহি মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে যান। পরে বিজিবি সদস্যরা তাঁকে তল্লাশী করে তাঁর নিকট থেকে ১টি বিদেশী পিস্তল,৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার এবং মোটরসাইকেলটি আটক করে।
এরপরে আটক মশিউরের স্বীকারোক্তিতে তাঁর ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক অস্ত্র,গুলি ও মোটরসাইকেলের জব্দ মূল্য ৪ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা বলেও জানায় বিজিবি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। বিজিবি সীমান্তে অস্ত্র সহ যে কোন চোরাচালান রোধে সতর্ক রয়েছে।