প্যারালাইজড নুরজাহানকে হুইলচেয়ার দিল চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

  • আবু জাফর বিশ্বাস
  • ২০২৬-০৯-১৭ ২০:৫৬:৩৩
image

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে চলাফেরায় অক্ষম মোছা. নুরজাহান বেগমকে একটি হুইলচেয়ার দিয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নুরজাহান বেগমের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে তাঁকে হুইলচেয়ারটি দেওয়া হয়। এ সময় বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা তাঁর বাড়িতে উপস্থিত হন এবং হুইলচেয়ারটি তুলে দেন।
পরিবার সূত্রে জানা যায়, নুরজাহান বেগম প্রায় পাঁচ বছর ধরে প্যারালাইজড অবস্থায় রয়েছেন। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। তাঁর স্বামী মো. বাবলুর রহমান দিনমজুরের কাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সীমিত আয়ের মধ্যে সংসারের খরচের পাশাপাশি স্ত্রীর চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে হওয়াই পরিবারের পক্ষে একটি হুইলচেয়ার কেনা সম্ভব হচ্ছিল না।এ অবস্থায় নুরজাহান বেগমের পরিবারের পক্ষ থেকে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটি হুইলচেয়ারের জন্য আবেদন করা হয়। বিষয়টি সংগঠনের দায়িত্বশীলদের নজরে এলে তাঁকে হুইলচেয়ার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এবং দেশ ও প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় নুরজাহান বেগমকে হুইলচেয়ারটি দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে নুরজাহান বেগমের পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন- মোঃ শাহিন কবির, মোঃ কামরুল হাসান, দীপ্ত বিশ্বাস, মোঃ আছির উদ্দিন, মোঃ সম্রাট শাকিল, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ জাহাঙ্গীর আলম, অরিত্র সরকার, মোঃ সোহান হুসাইন, মোঃ ইয়ামিন হোসেন, সহ সংগঠনের অন্যান্য সদস্য।
‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ স্লোগানকে সামনে রেখে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন অসহায়, দরিদ্র, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনের সদস্যরা জানান, দেশ ও প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।