নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োগ করা নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন। এ জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল বুধবার জারি করা হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালার সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে। অর্থাৎ নির্বাচনী ব্যয়ের অর্থ কোন হিসাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে মনোনয়নপত্রেই তথ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচনী ব্যয়ের হিসাবের পাশাপাশি প্রার্থীর হলফনামা দাখিলের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালায় হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্য অংশে আগে যে তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল, তা এখন ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।
হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(গ)-এ ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, অভিযুক্ত বলতে এমন আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছে।
এ ছাড়া প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে। সংশোধিত বিধিমালার ক্রমিক ১০-এর বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।
নির্বাচনী প্রতীকের ক্ষেত্রেও সংশোধিত বিধিমালায় নতুন বিধান যুক্ত হয়েছে। সংশোধিত বিধি ৯-এর উপবিধি (১) অনুযায়ী, বিধিমালার অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিত প্রতীক ছাড়া তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।
গেজেটে মোট ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বর প্রতীক হিসেবে ‘নৌকা’কে স্থগিত প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে সংশোধিত বিধান অনুযায়ী স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত ও প্রাপ্য প্রতীকের মধ্য থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা বিধিমালার এসব সংশোধনের ফলে নির্বাচনী ব্যয়ের ব্যাংক হিসাবের তথ্য, প্রার্থীর হলফনামা এবং প্রতীক বরাদ্দ-এই তিন ক্ষেত্রে বিদ্যমান বিধানে পরিবর্তন এসেছে।
নির্বাচনী ব্যয়, নির্বাচন বিধিমালা, নির্বাচনী প্রতীক