শি রী ণ বে বী

  • একটা হাত ভরসার
  • ২০২৬-০৯-১৭ ১০:০০:১২
image

মানুষ স্বপ্ন দেখে 
জেগে জেগেই দেখে 
ছেঁড়া কাঁথায়  শুয়েও আকাশ ছোঁবার স্বপ্ন দেখার সাহস 
করতে পারে একমাত্র মানুষই।
তারপর ছুটতে থাকে স্বপ্নের পিছু পিছু।

স্বপ্ন তখন আরো অনেকের মাঝে ছড়িয়ে পড়ে 
একজন দু’জন তিনজন চারজন-
দলে দলে আরো অনেকে যুক্ত হতে থাকে সে স্বপ্নের সাথে।
তখন তা আর কারো একার স্বপ্ন না।

অনেকে মিলে যখন সে স্বপ্ন দেখে 
স্বপ্ন তখনই আলোর মুখ দেখে 
যখন সে স্বপ্নের ভেতর অধিকারের হানাহানি কামড়াকামড়ি চলে 
সে স্বপ্ন তখন অন্ধকারে মুখ থুবড়ে পড়ে।

মানুষের সহানুভূতি সহমর্মিতা পরমতসহিষ্ণুতা মানবিকতা যখন 
পিছলে পড়ে মানুষ তখন স্বপ্ন থেকে ছিটকে যায় 

মানুষের অহংকার তখন তুঙ্গে-
সে ভূলে যায় কোনো এক সময় কোনো একটা হাত ভরসার ছিলো-
কোনো একটা হাত কাঁধে হাত রেখেছিলো 
কোনো একটা হাত পাশে দাঁড়িয়ে হাত ধরেছিল 
কোনো একটা হাত এক ক্রোশ পানি এনেছিল 
কোনো একটা হাত সামান‍্য একমুঠ বালি ধরেছিল 
কোনো একটা হাত রোদের তাপ থেকে বাঁচিয়েছিল 
কোনো একটা হাত জড়িয়ে থেকে শীত আটকে ছিল
কোনো একটা হাত ঝড় বৃষ্টির দিনে মাথায় ছাতা হয়ে ছিল। 

হাত থেকে যখন পানি পড়ে গেল, 
মুঠো থেকে বালি ঝরে গেল,
মাথায় বৃষ্টি ফোঁটা পড়া শুরু হলো,
রোদের তাপে চোখ খুলে রাখা দায় হলো,
শীতের তীব্রতায় যখন হাড় কাঁপতে শুরু হলো-
স্বপ্ন তখন ভেঙে গেল।

একটা হাত ছিলো-বড় মায়ার, 
বড় ভালোবাসার,বড় ভরসার আর বিশ্বাসের।
আঙুলের ফাঁক গলে সামান‍্য এক ক্রোশ পানি 
সামান‍্য একমুঠ বালি অতিসামান‍্য ক্ষুদ্র নগণ‍্য ভরসা ঝরে গেল।

হাত সরে গেলো; স্বপ্ন ভেঙ্গে গেলো 
সে  হাত আর  খুঁজে পাওয়া গেলো না।