সিএনজির চালকের আসনের নিচে শপিং ব্যাগে অস্ত্র পাওয়ার দাবি পুলিশের!
মহেশখালী (কক্সবাজার)
মহেশখালীতে বিশেষ চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. মিশাল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে ছোট মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া এলাকার ফরেস্ট অফিসের সামনে সড়কে এ অভিযান চালানো হয়। পুলিশ সুপারের নির্দেশনায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই সাইফুর রহমান,এএসআই অমিত ভট্টাচার্যসহ পুলিশের একটি দল বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালন করছিল।
এ সময় মহেশখালী থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশ জানায়, গাড়ি থামানোর পর চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে সন্দেহের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অস্ত্রটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মিশাল ছোট মহেশখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নলবিলা এলাকার মো. মোস্তাক ও সামশুন্নাহারের ছেলে।
পুলিশ জানিয়েছে,গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে উদ্ধার করা অস্ত্রটির মালিকানা, কোথা থেকে এটি সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।