অদ্য বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে জড়িত আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ না করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।
এম এ আলীম সরকার আরও বলেন, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসর থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। এটি শুধু একটি ক্রীড়া সিদ্ধান্ত নয়; এর সঙ্গে দেশের মর্যাদা, খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আবেগ জড়িত।
তিনি বলেন, প্রকাশিত তদন্ত প্রতিবেদনে যদি সত্যিই প্রমাণিত হয়ে থাকে যে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সিদ্ধান্তই বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছিল, তাহলে বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্ত করে দায় নির্ধারণ করে আসিফ নজরুলের যথোপযুক্ত বিচার কার্যকর করতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বাংলাদেশ দলের ম্যাচ ভারতে অনুষ্ঠিত হওয়ার সূচি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছিল এবং তাদের বিবেচনায় বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।
এম এ আলীম সরকার বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জাতীয় দল যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সুস্পষ্ট জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নষ্ট হওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট ও দেশের যে ক্ষতি হয়েছে, তার প্রকৃত কারণ এবং দায়ী ব্যক্তিদের ভূমিকা জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, রাষ্ট্রীয় দায়িত্বে থেকে কোনো সিদ্ধান্তের কারণে দেশের জনগণ, খেলোয়াড় ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তার জবাবদিহি অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা সরকারের নিকট আইন ও সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।