নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনকে ২০ কোটি টাকা বরাদ্দ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-১৬ ১১:৫২:১৪
image

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ৬০টি পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে অর্থবছরের প্রথম কিস্তিতে ৫০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে রোববার ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়।
সিটি করপোরেশনগুলোর জন্য বরাদ্দ দেওয়া ২০ কোটি টাকা স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটের প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাত থেকে আবর্তক অনুদান হিসেবে দেওয়া হয়েছে। এ বরাদ্দের মধ্যে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ স্থানীয় সরকার বিভাগের প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।
বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটির জন্য দেওয়া হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের জন্য ২ কোটি ২৮ লাখ, চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ২ কোটি, বগুড়া সিটি করপোরেশনের জন্য ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি করপোরেশনের জন্য ১ কোটি ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্য সিটি করপোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ পেয়েছে ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি করপোরেশন ৩২ লাখ টাকা।
আদেশে বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
এ ছাড়া বরাদ্দের অর্থ ব্যবহারে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, দেশের ৬০টি পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির ৫০ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।
এই বরাদ্দের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের পৌরসভা রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ, জামালপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নেত্রকোণা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পাবনা, আড়াইহাজার, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নরসিংদী, গাজীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, শেরপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নাটোর, নওগাঁ, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, কুমিল্লা, ঝালকাঠি, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ বিভিন্ন পৌরসভা রয়েছে।
সরকারের এই বরাদ্দের মাধ্যমে সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা ও জোরদারে অর্থনৈতিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা, সিটি করপোরেশন, পৌরসভা