সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে শ্যামনগরের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শুভঙ্কর মন্ডল শুভ খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুভঙ্কর মন্ডল তার এক সঙ্গীকে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকা থেকে মোটরসাইকেলে শ্যামনগর উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে শ্যামনগর উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শুভঙ্কর মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শুভঙ্কর মন্ডল।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক চিরঞ্জিব গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো জানান, পরবর্তী আইনানগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।