ডুমুরিয়া প্রতিনিধি।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় হিন্দু সম্প্রদায়, ইউএনওর কাছে লিখিত অভিযোগ
ডুমুরিয়া উপজেলার দেড়ুলী গৌড়ীয় জ্যোতি মঠের আশ্রম কমিটির সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্টদের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে আন্দুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আশ্রমের ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, দেড়ুলী গৌড়ীয় জ্যোতি মঠের প্রতিষ্ঠাতা আচার্য গোস্বামী মনোরঞ্জন চক্রবর্তীর পুত্রবধূ দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আশ্রমটির দেখাশোনা করে আসছিলেন। পরবর্তীতে আশ্রমের জমি ক্রয়ের সময় আন্দুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তি তার পুত্রবধূ সুচিত্রা চক্রবর্তীকে ৫ লাখ টাকা দিয়েছেন বলে দাবি করেন।
অভিযোগকারীদের ভাষ্য, বর্তমানে আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে ওই টাকা ফেরত দেওয়ার জন্য সিরাজুল ইসলাম চাপ প্রয়োগ করছেন। তবে টাকা দেওয়ার দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে কমিটির সদস্যরা প্রমাণ ছাড়া টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করায় তিনি তাদের বিভিন্নভাবে হুমকি ও গালিগালাজ করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আশ্রমের ভক্তবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে না যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।