হামে এক দিনে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ৩৬

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-১৫ ১৬:১০:৩০
image

দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে হামসদৃশ উপসর্গে আক্রান্ত বা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯ জন। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
মৃত্যুর হিসাবেও রয়েছে উদ্বেগজনক চিত্র। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হামসদৃশ উপসর্গে মোট ৯৩৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০০ জনের মৃত্যু হয়েছে।
হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা এবং প্রাণহানি অব্যাহত থাকায় পরিস্থিতি মোকাবিলায় রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার গুরুত্ব সামনে এসেছে।

হাম, শিশুমৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর