ভেনিসে হামলার অভিযোগের পর দেশে ফিরলেন বাঁধন,নিরাপত্তায় সহযোগিতার কথা জানালেন

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০৯-১৪ ১১:৪৫:৪০
image

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলা অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরেছেন। সোমবার সকালে ইতালি থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বাঁধন বলেন, তার ওপর যারা আক্রমণ করেছেন, তাদের এ ধরনের আচরণ বন্ধ করা উচিত। তার ভাষ্য, ইতালির মাটিতে ঘটে যাওয়া এই ঘটনা দেশের ভাবমূর্তির জন্যও দুঃখজনক।
তিনি বলেন, দলীয় সমর্থনের জায়গা থেকে যারা এমন আচরণ করছেন, তাদের বিষয়টি ভেবে দেখা প্রয়োজন। রাজনৈতিক নেতারা সবসময় তাদের পাশে থাকবেন না বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার পর ইতালির পুলিশ, ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাসের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা পেয়েছেন বলে জানান বাঁধন। নিরাপত্তাজনিত কারণে উৎসব কর্তৃপক্ষ তাকে লিডো এলাকায় থাকার ব্যবস্থাও করে বলে জানান তিনি।
তবে নিজের সিনেমার দলের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। বাঁধনের দাবি, ঘটনার পর তার সিনেমার দল তাকে তাদের কার্যক্রম থেকে আলাদা করে দেয় এবং উৎসবের বাকি সময় তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করে। পরে টরন্টো চলচ্চিত্র উৎসবে যাওয়ার ক্ষেত্রেও তাকে নিষেধ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সহ-অভিনেত্রী সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মায়ের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন বাঁধন।
এর আগে ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় কয়েকজন বাংলাদেশি তাকে হেনস্তা ও হামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনাটির কিছু দৃশ্যও দেখা যায়।
বাঁধনের অভিযোগ অনুযায়ী, ওই সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করা হয়। ভিডিওতে কয়েকজনের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায়।
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন বাঁধন। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা শুরু করে বলে জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। তাদের মধ্যে শিপল মাহমুদ বিপ্লব, ইলিয়াস মিয়া, মনিরুল হাওলাদার ও আলতাফ পাহাড়ের নাম প্রকাশ্যে এসেছে। ভিডিওতে তাদের কাউকে পানি ছুড়তে, কাউকে বাঁধনকে শাসাতে এবং কাউকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা শুরু হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট থেকে তাকে আইনি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। একই ঘটনায় বাংলাদেশ সরকারও উদ্বেগ প্রকাশ করে।

বাঁধন, ভেনিস চলচ্চিত্র উৎসব, ইতালি