হাম-রুবেলা টিকায় লক্ষ্যমাত্রা ছাড়াল বাংলাদেশ, ২৬ সেপ্টেম্বর ফের বড় কর্মসূচি

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-১৪ ১১:৩২:০৫
image

দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে গত পাঁচ মাসে প্রায় ২ কোটি শিশু টিকা পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষদিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা হয়। প্রথম পর্যায়ে ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি ভিত্তিতে টিকাদান শুরু হয়।
এরপর ১২ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মসূচি সম্প্রসারণ করা হয়। তৃতীয় পর্যায়ে ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।
তবে দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারও ব্যাপক পরিসরে হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান কর্মসূচির শুরুতে সারাদেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা নিয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় অর্জনের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিশু টিকা পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন এবং বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন শিশু টিকা পেয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে এই সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, খুলনায় ৯৬ হাজার ৭৯২ জন, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ জন, রংপুরে ৮২ হাজার ২৫৩ জন, সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯ জন, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ জন, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩ জন এবং বরিশালে ৪৪ হাজার ১১৯ জন শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। তবে ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে হাম প্রতিরোধী টিকা দেওয়ার উদ্যোগটি সরকারের বাড়তি তৎপরতার অংশ।
তিনি বলেন, নতুন কর্মসূচির প্রধান লক্ষ্য হলো কোনো শিশুকে যেন টিকাদানের আওতার বাইরে থাকতে না হয়।

হাম-রুবেলা, শিশু টিকা, টিকাদান কর্মসূচি