সব নদী সমুদ্রের কাছে যায়,
তবুও সব নদীর ভাগ্যে
সমুদ্র হয়ে ওঠা হয় না।
কেউ সমুদ্রের বুকে বয়ে চলে
পাহাড়ের কান্না, মাটির গন্ধ,
কেউ আবার হারিয়ে ফেলে
নিজেকে অচেনা বালুচরে।
নদী জানে -------
তার পথ কখনো সোজা নয়,
কখনো পাথরের আঘাতে,
কখনো খরস্রোতা বর্ষায়,
কখনো শুকিয়ে যাওয়া দুপুরে।
তবুও সে থামে না,
কারণ তার বুকের গভীরে
সমুদ্রের কাছে পৌছানোর
তার অগোচরে একটি নীরব স্বপ্ন থাকে।
সমুদ্র কি তার জন্য অপেক্ষা করে?
হয়তো করে ----
অসংখ্য নদীর জন্য,
তার নীল বুক মেলে রাখে।
কেউ আসে পাহাড় পেরিয়ে,
কেউ আসে কান্না পেরিয়ে,
কেউবা আছে ভালোবাসা হারিয়ে ---
সমুদ্র কাউকে কি ফিরে দেয়?
তাই আমি মনে মনে ভাবি,
মানুষও বুঝি নদীর মতো ---
কেউ কারও জীবনে আসে,
কিছু পথ পাশাপাশি হাঁটে,
তারপর হটাৎ একদিন --
নিজ নিজ স্রোতে হারিয়ে যায়।
কেউ সমুদ্র পাই,
কেউ শুধু তীরের বালু।
আর কিছু নদী ---
সমুদ্রের এত কাছে এসেও
তৃষ্ণার্তই থেকে যায়।
হয়তো এটাই নিয়তি ---
সব নদীর গন্তব্য সমুদ্র হলেও,
সব ভালবাসার গন্তব্য
ভালোবাসার মানুষটি নয়।
কিছু নদী সারাজীবন বয়ে চলে,
শুধু একটি নামের দিকে --
আর সমুদ্র হয়ে ওঠার আগেই
নিঃশব্দে
নিজেকে হারিয়ে ফেলে ।