বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা,নিহত ৪

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-১৩ ১১:০৩:১৮
image

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসের চালক মুন্না (৪০) এবং পরিচয় না পাওয়া আরও একজন।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মাইক্রোবাসের দুই যাত্রী ফেরদৌস আলম ও মিপতা ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ১১ জন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক মুন্নাসহ আরও দুজন মারা যান। তাঁদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম দুর্ঘটনা, নিহত চার, সড়ক নিরাপত্তা