চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবির ঘটনায় উদ্ধারকৃত ১০ জনকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-১৩ ০৯:১৮:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর বাখর আলী ঘাট থেকে সদর উপজেলার  সীমান্তবর্তী নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জোহরপুর গ্রামে যাবার পথে ১২ জন নারী,শিশু ও পুরুষ সহ একটি ছোট নৌকাডুবির ঘটনায় বিএসএফ কর্তৃক জীবিত উদ্ধারকৃত ১০ জনকে পতাকা  বৈঠকের মাধ্যমে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। নৌকাডুবির ওই ঘটনায় একজন সাঁতরে তীরে উঠে রক্ষা পান ও একজন নিখোঁজ রয়েছেন।  
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি)  অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান শনিবার(১২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বলেন, শনিবার রাত ১০টার দিকে ফরিদপুর বিওপি কমান্ডার ও ৭১ বিএসএফ এর খান্দুয়া ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফেরত এনে  জনপ্রতিনধিদের উপস্থিতিতে তাঁদের স্বজন ইসমাইল হোসেনের নিকট হস্তান্তর করা হয়। ১০ জনের মধ্যে ৩ শিশু, ৩ নারী ও ৪ পুরুষ রয়েছে। তিনি আরও বলেন, নৌকাডুবির পর সন্ধ্যায় বিএসএফ বিজিবিকে ফোনে উদ্ধারের খবর দেয়। এরপরই শুরু হয় তাঁদের দেশে আনার প্রক্রিয়া।
এদিকে বিজিবি আরও জানায় ফেরত আনা ১০ জনই নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জোহরপুর গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, জোহরপুর গ্রামের মো.মোস্তাফার স্ত্রী সখিনা বেগম(৪৫) ও ছেলে মো. রাসেল (২৬),মতিউর রহমানের স্ত্রী নিলুফা বেগম(৩৫) ও ছেলে মো. সাব্বির ওরফে সানাউল্লাহ(৯), মো. ইসলামের ছেলে আল আমিন(৯), মৃত আবুল হোসেনের ছেলে মো. ইব্রাহীম(৬০), মৃত আব্দুর রউফের ছেলে মো.সওদাগর(৪০) ও মো.ইব্রাহীম(৫০), মো.সোহেলের স্ত্রী তানিয়া খাতুন(২২) ও তাঁর ২০ দিনের মেয়ে তানিসা খাতুন ।  এছাড়া শামসুল হকের ছেলে  মো. ওয়াসিম(২৩) সাঁতার কেটে  দেশের ভূখন্ডে তীরে উঠে রক্ষা পান। অপর দিকে আলতাফ হোসেনের ছেলে মো. মোস্তফা(৬০) নিখোঁজ রয়েছেন।