ডুমুরিয়া প্রতিনিধি,
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় ৯ নং সাহস ইউনিয়নের জি. কে. এস. কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করা হয়।
ডুমুরিয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৯ নং সাহস ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার সাধারণ জনগণ এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। "একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের প্রতিদিন"— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয়দের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া ফাউন্ডেশনের অর্থ-সম্পাদক জি এম মনিরুজ্জামান টুকু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ নং সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সদস্য মোল্যা মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন।
কর্মসূচিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন ৯ নং সাহস ইউনিয়ন শাখা কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) জি এম জাকির হোসেন এবং সদস্য সচিব ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাবিলদার মোঃ ফজলুর রহমান শেখ। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেককে নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়। ডুমুরিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি জানায়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় চারা রোপণ ও বিতরণ অব্যাহত থাকবে।