গী ত শ্রী সি ন হা

  • হয় বুকে গুলি মারো-না হয় পথ ছাড়ো
  • ২০২৬-০৯-১১ ১১:১৪:১৬
image

বাতাসের খুব জ্বর...  সম্পর্ক অন্ধকার ! 
পুষে রাখা কান্নাধোয়া দাগ... সমাজের বদনাম ! 
আঙুলে বা চোখের পাতায় মারাত্মক নিখুঁত ভুলেরা 
সমাজের চামড়ায় লালসার আবরণ ছোঁড়ে ... 
যেন অকস্মাৎ পড়ন্ত বিকেলে সূর্যের ঠোঁটে রক্ত জমে  ! 
তোমাদের ভিতরের কুকুরটাকে দেখার জন্য 
কুকুর সেজে থাকি তোমাদের আগুন উৎসবে ! 
এক একটা ঘটনা কোথাও কোথাও দাঁড়িয়ে যায় ! 
সেভাবেই এঁকে রাখি আঁধার প্রতিমা,
জন্মদুয়ার বস্তু নয়... আত্মার গভীর ইতিহাস ! 
নিশ্ছিদ্র অন্ধকারে তোমরা ছিলে, 
রক্তে শ্বাস নিতে পারার আগে পর্যন্ত ! 
সে-ই পথেই বেয়ে এসেছো পৃথিবীর আলোয়... 
দেখো -----
একদিন তোমাদের ভাবনার ভাড়া দিতে হবে ! 
"মাতৃ রূপেন সংস্থিতা" দেবী দুর্গার একটা বিশেষ রূপকে বোঝায়........ 
ভুল করেছো,  শরীরে নয়...  লক্ষ্মীতে নয়... কালি রূপে দেখো নারী জাতিকে ! 
মনে রেখো, নারী ও ঘুমন্ত নারীকে এক চোখে দেখা উচিত নয় ! 
আজও উরুতে মুখ গুঁজে বিচার কক্ষে মিথ্যের বিস্মরণ ! 
কর্পূর হয়ে উবে গেল সমস্ত সাক্ষী দিগন্তে... 
মধ্যরাতের গুমরে মরা ঘটনারা দৃশ্যের উপর হুমড়ি খেয়ে আছড়ে পড়ে ... 
হ্যাঁ, হ্যাঁ প্রতিবাদী ও অপরাধী এক-ই ঘরে খিল দেয় ! 
বিচার তো অনেক দূরের কথা !!!! 
মানুষকে ভালোবাসার ভান করে দেশকে ভালোবাসো...  
তাও কী সম্ভব !!!! 
"ভালোবাসাহীন দেশপ্রেমিক" তোমাদের সেলাম ! 
এক মুহূর্তে শুষে নিলে জীবনের সমস্ত রঙ -- 
কালের গর্ভে বিলীন হয়ে গেল সভ্যতার ইতিহাস ! 
ক্ষোভে ফুঁসছে উত্তাল ঢেউ... শুরু হলো রাজচক্র...  
ঘটনার পুনরাবৃত্তি... ধর্ষণেরও রেট বেঁধে দেয় চাটুকারিতায় মানবিক সরকার... 
নির্বিকার সরকার তোমাকে প্রণাম ! 
দৃষ্টান্তমূলক উদ্যোগ... মৃত যোনি পথে যৌনসুখ খুঁজে ছিল যারা ! 
মধ্যরাতে ঘুমন্ত শরীরের হাতে তুলে দেওয়া হয় এক পেয়ালা হেমলক বিষ --- 
এলিয়ে পড়েছিলে সক্রেটিসের মতো তুমিও ! 
আজ দেশজুড়ে কনিয়াম নামক বিষাক্ত রাসায়নিক উপাদান বিছানো আছে সভ্যতা- 
সততার পরতে পরতে ! 
তোমাদের সামনে দাঁড়িয়ে বলি... 
হয় বুকে গুলি মারো, না হয় পথ ছাড়ো ! 
আমাদের সমবেত মৃত্যুতে তোমাদের পতন ! 
ধিক্কার জানাই, সামগ্রিকভাবে সাজানো দাবার চালে আক্রান্ত সমাজকে .........

 

ভারত থেকে