স্বাধীনতার ছলনায় বন্দী লক্ষ মানুষ
না-বলা কথাগুলোয় জমেছে ধুলো।
কেউ বোঝে না চোখের নীরব ভাষা
ধুঁকে ধুঁকে নিঃশেষ হচ্ছি আপন মনে।
তোমাকে ডেকেছি কত গভীর রাতে
তুমিই অন্তর্যামী অথচ দাওনি সাড়া
হয়তো বা হয়নি ডাকা কায়মনোবাক্যে
তুমিতো করুণার সাগর তবু রইলে নীরব।
জ্ঞানের তুল্য নেই কিছু পবিত্র ধরায়,
কিন্ত পারি না কেন যেতে সেই পথে !
দয়া করে সাড়া দাও প্রভু এ অধমেরে,
রক্ষা করো নিরপরাধ প্রাণগুলোকে।
তুমিতো সবই জান তবু কেন রক্ত ঝরাও
বিনা কারণে নির্দোষীকে বানাও দোষী।
শত শত অসহায় মায়ের কোল করো খালি
অভাব আর নিত্য অভিযোগে আনে ক্লান্তি।
দয়া করো প্রভু অসহায়ের পাশে দাঁড়িয়ে
প্রসারিত হাতগুলো দিও না আর ফিরিয়ে।
কৃষক, শ্রমিক, তাঁতি ওদের জন্ম পরের জন্য
তোমার আশীষ বর্ষিত করো ওদের উপরে।