ভাইবার নম্বর বাড়ানোর চেষ্টা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাহিদের

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-০৯ ২১:৩০:৩৯
image

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। সবার সঙ্গে আলোচনা না করে ভাইবার নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বুধবার ৯ সেপ্টেম্বর বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধের কথা বলা হচ্ছে। অথচ এখন ভাইবার নম্বর চারশ করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা না করে যদি নম্বর বাড়ানো হয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে তা কি জানেন।’
বাক্‌স্বাধীনতার বিষয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বাক্‌স্বাধীনতার কথা বলা হলেও সরকার সমালোচনার নামে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে, যাতে সরকার টিকে থাকতে পারবে না।
আলোচনা সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল।
আলোচনা সভা শেষে ‘জুলাই ৩৬’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নাহিদ ইসলাম, নিয়োগ, জুলাই সনদ