অরুণিমা চ্যাটার্জী

  • শেষ বলে কিছু হয় না
  • ২০২৬-০৯-০৯ ১১:১৪:৪৩
image

একটা শেষের কাব্য লিখতে বসে
হঠাৎ বুঝলাম !
শেষ বলে কিছু হয় না !
শুধু শব্দের দরজা বন্ধ হয়,
অর্থেরা তখন অন্য জানালা দিয়ে
বেরিয়ে যায়।
দিগন্তছোঁয়া গোধূলি
সূর্যকে বিদায় দেয় না,
ফিরে আসার প্রতিশ্রুতি রেখে
রাতের হাতে তুলে দেয়
একটি নক্ষত্রের থালা।

যে প্রেমিক জনারণ্যে হারিয়ে যায়,
সে কি সত্যিই হারায়?
তার অনুপস্থিতির ভিতরেই তো
আমি তাকে প্রতিদিন যাপন করি !
পদ্যের অবসরে, নিঃশব্দ স্পর্শে।
একলা হয়ে যাওয়ার অভ্যাসে।

বিচ্ছেদ তাই প্রেমের বিপরীত নয়,
কখনও কখনও প্রেমের সবচেয়ে 
 দীর্ঘ ছায়া।
শেষ রাতে ভরা চাঁদের কাছে
 কিছু চাইনি !
শুধু একটি কদমগাছ খুঁজেছি !
যেখানে বৃষ্টির গন্ধে, কোন পুরোনো জীবন 
আবার শুরু হতে পারে।

মোহন বাঁশি বেজে ওঠে।
রেললাইনের ধারে অন্ধ ভিখারিনী 
 হাত বাড়ায় স্পর্শের জন্য।
মনে পড়ে, কোন এক গ্রীষ্মের দাবাদহে,
তাকে ছায়ায় বসিয়ে
এক কাপ চা খাইয়েছিলাম।

কী আশ্চর্য !
এক কাপ চায়ের উষ্ণতাও
কখনও কখনও একটি জীবনের
 শুরু হয়ে থাকে।
আমি চলে যাব,
তুমিও যাবে।
মানুষের শরীরেরই শুধু
একটি নির্দিষ্ট শেষ আছে !
মায়ার নেই, স্মৃতির নেই।
ভালোবাসারও নয়।
আমাদের মুছে দিয়ে
উদাস ধরণী আবার জলরঙে 
আঁকবে নিজেকে।
কদম ফুটবে, ঘাসফুল জাগবে।
জলফড়িং ডানা মেলবে।

গঙ্গা-মেঘনার স্রোতে
শঙ্খধ্বনি আর আজানের সুর
একদিন আবার পাশাপাশি ভাসবে !
পৃথিবী বুঝি তখনও জানবে,
মানুষের সব বিভাজনের ওপরে
একটি নদী আছে।
তার নাম, ফিরে আসা  !

তাই শেষ লাইনটি  লিখে
কলম নামিয়ে রাখিনি !
জানি ! কবিতা শেষ হয় না,
শুধু কবির হাত থেকে
পাঠকের হৃদয়ে চলে যায়।
আর সেখানে !
কোনো এক অদৃশ্য ভোরে,
আবার শুরু হয় একটি কদম ফুলের গন্ধ  !
একটি বাঁশির সুর, একটি স্পর্শ,
একটি প্রেম।
 শেষ বলে কিছু হয় না  !