এ ম এ আ উ য়া ল হি ট লু

  • রক্তদান জীবনদান
  • ২০২৩-০৯-২৪ ২৩:৩৭:৫৩
image

কে আছেন? বেড নং ২৬ ---
"রিকুইজিশন স্লিপটা হাতে নিয়ে
উদ্ভ্রান্তের মত এদিক থেকে ওদিক,
এক ব্ল্যাডব্যাঙ্ক থেকে অন্য---
অসহায় দৈন্যপীড়িত পিতার কাতর কন্ঠস্বর
প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসে..
"রক্ত নেই,বিরল গ্রুপ AB-(ve), রক্ত অমিল।"
সারাদিন নিষ্ফল চেষ্টা --
ব্যর্থতার গ্লানির ভারে পা দুটো অসাড়,অচল।
বন্ধুদের কাছে খবর পৌঁছাতেই মহাখালীতে 
এছাহাক এর অফিসে জটলা, ছুটে এসেছে
দিলীপ, স্বপন, আজাদরা।
পান্থপথের ট্রাফিক সিগনাল মোড়ে
নাসির, তুহিন, বেলালদের কানাকানি 
ফার্মগেটে কামাল, আজিম, ফারুক, মশিউর 
আসকর, গিয়াস, ওগাতাই বাবু
মোহাম্মদপুরের ইব্রাহিম, আশরাফুল, শিল্পী 
বনশ্রীর আজাদ, নাজমুল সবার সাথে 
অব্যাহত রেখেছে যোগাযোগ।
থেমে নেই ডাঃ (কর্নেল) হিমু, ফোন করছে 
এই হাসপাতাল ঐ হাসপাতাল।
লাভলু মরিয়া হয়ে উঠেছে, ক্লান্তি তাকে স্পর্শ করে না।
মুকুট, সুলতান, লুবনা জিন্নারা
হয়েছে একত্রিত তুর্কীর ডিপার্টমেন্ট এর চেম্বারে। 
নিপা, রোজ, স্বাতী, লাইজু, রিনি যেন  মায়েরা দোয়া মাগে
মহান আল্লাহর দরবারে।
পুজো নিয়ে বসেছে পুস্পা, বিউটি বিশ্বাস
ভগবানের উপর অগাধ বিশ্বাস নিয়ে
মিন্টু উপায় খোঁজে অলী, পারভেজের সাথে। 
ক্লান্তিহীন মুসলিম বাবু, ব্লাড ডোনার্স এর রেজিস্টারে
চোখ বুলায়  বিদ্যুৎগতিতে...
"এই তো.. পেয়েছি...AB-(ve)...
একটাই নাম..সাকিব আনজুম প্রান্ত, বয়স পঁচিশ ..
শেষ রক্তদান অগাস্ট/২৩..."
নিভে গেল উচ্ছ্বাস..'এ তো আমাদের প্রান্ত।'
কত অসহায়ের সহায় হয়ে আজ নিজে নিঃসহায়...


বেড নং ২৬..
রক্তের অভাবে অপারেশন বন্ধ... ঝরে যাবে 'প্রান্ত'।
বন্যা বয় চোখের কোণায়...স্বপ্না, মমতা,এ্যানি, ঝুমাদেরও।
অথচ..দাঙ্গাবাজের দল অক্লেশে লাঠি চালায়. 
রক্ত ঝরে,বয়ে যায় তিস্তা....
A,B,AB,O....পজিটিভ নেগেটিভ 
সব মিলে মিশে বন্যা হয়-----।
তুচ্ছ স্বার্থের কারণে কত রক্তের অপচয়!
হিন্দুর রক্ত, মুসলিম রক্ত, খ্রীষ্টান রক্ত--
সব লাল মিশে গিয়ে নদী হয়,
হিংসা,ক্রোধ, ক্ষোভের নদী---
ধ্বংসের নদী,অশুভের নদী..।
ভুল বুঝাবুঝির নদী, অসন্তুষ্টির নদী।
কিন্তু কোনো ধর্ম তো অকল্যাণ চায় না--
তবে কেন এত হানাহানি? কেন রক্তপাত? 
তাই ছাড় লাঠি, রাখো কৃপাণ---
শপথ হোক আজ তোমার আমার--
"ভালোবেসে করে যাবো ক'ফোঁটা রক্তদান"।
বাঁচবে 'প্রান্ত'...বাঁচবে কত শিশু, যুবক/যুবতী  
আর আমাদের বয়স্ক আছেন যারা, 
হানাহানি নয়---
অঙ্গীকার হোক- রক্তদান জীবনদান
জীবনহানি নয়, চলুক এভাবেই জীবনদানের যুদ্ধ।।