আখাউড়ায় ফেসবুকে নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

  • জাহাঙ্গীর আলম
  • ২০২৬-০৯-০২ ২৩:৪১:০৪
image

ব্রাহ্মণবাড়িয়া 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আখাউড়া থানার পুলিশ মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবীজি হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ। পরে কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান ওয়াসিম আখাউড়া উপজেলার আইড়ল (কর্ণেল বাজার) এলাকার বাসিন্দা। তার বাবার নাম রতন ডাক্তার।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।