কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ করে ১২ লাখ টাকা লুট

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৯-০২ ১৯:৫১:৩১
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতচক্র ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বারো লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার বসুরহাট-হাজারী হাট সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চরহাজারী  ইউনিয়নের আবু মাঝির হাটের ইসলামী ব্যাংকিং এজেন্ট শাখার ম্যানেজার ও চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহমান ইসলামী ব্যাংক বসুরহাট শাখা থেকে বারো লাখ টাকা তোলেন। টাকা নিয়ে নিজের মটরসাইকেলে করে  এজেন্টে ফিরছিলেন।
এ সময় আবদুর রহমান জৈতুন নাহার কাদের মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে আবদুর রহমানকে তার কাছে ইয়াবা আছে বলে গাড়ীতে তুলে নেয়। এরপর চোখ বেঁধে টাকা নিয়ে আবদুর রহমানকে সেনবাগের নবীপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেয়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।