জিয়ার সমাধিতে তারেক রহমান,প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা ও স্মরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-০১ ২২:২২:৩৭
image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থলে পৌঁছান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দুই নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ করে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমানসহ দলের নেতারা।
এ সময় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি ও দলের নেতারা।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। মিছিল নিয়ে সেখানে জড়ো হন তারা। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনায় থাকা বিএনপি এবার ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাঁদের ছেলে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতৃত্বের দায়িত্ব নেন তারেক রহমান।

বিএনপি,প্রতিষ্ঠাবার্ষিকী,তারেক রহমান