জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে নিউইয়র্ক গেলেন খলিলুর রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-৩১ ০৯:৩৬:৫৩
image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের লক্ষ্যে প্রায় দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার এ তথ্য জানিয়েছে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী রোববার দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রীর।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় সহায়তা করবেন।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। অধিবেশনজুড়ে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান।

এক বছরের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশ
গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের ভোটে সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ভোটে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচিত হওয়ার পর এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। চার দশক পর আবারও বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পেলেন।

পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সহায়তা করবেন প্রতিমন্ত্রী
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের কারণে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে দেশের বাইরে অবস্থান করবেন।
তাঁর অনুপস্থিতির সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ১৯৯৬ সালের কার্যপ্রণালি বিধি অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত দায়িত্বের বাইরে অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণের কথা রয়েছে। উচ্চপর্যায়ের বিতর্কসহ অধিবেশনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন খলিলুর রহমান।

জাতিসংঘ,খলিলুর রহমান,নিউইয়র্ক