মার্কিন হামলার জবাবে জর্ডানের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-৩১ ০৯:১৫:২৭
image

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে ইরান। হামলায় ঘাঁটি দুটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে দেশটি।
ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনী সোমবার ভোরে এ পাল্টা হামলা চালানোর কথা জানায়। বাহিনীর মহাকাশ শাখার দাবি, কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলায় কারিগরি ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমান রাখার স্থানগুলো লক্ষ্য করা হয়েছে। এসব স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ইরানি বাহিনী একই সঙ্গে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে ইরানের ওপর আবার কোনো হামলা চালানো হলে তার প্রতিক্রিয়া আরও কঠোর হবে।

লারাক দ্বীপে মার্কিন হামলার পর পাল্টা জবাব
এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায় বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা।
মার্কিন পক্ষের অভিযোগ, ওই উৎক্ষেপণ ব্যবস্থাগুলো হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনী জানায়, এতে তাদের কয়েকজন সদস্য ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তারা।
ইরানের সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী লারাক দ্বীপে মার্কিন হামলায় ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে।

যুদ্ধবিরতির পরও থামেনি উত্তেজনা
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখনো চরম উত্তেজনাপূর্ণ। গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই পক্ষ একটি সমঝোতার কাঠামোতে পৌঁছালেও তা সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে পারেনি।
পরবর্তী সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে নতুন করে বিরোধ দেখা দেয়। এর জেরে জুলাইয়ে যুক্তরাষ্ট্র টানা দুই সপ্তাহ ইরানে বোমা হামলা চালায় এবং নৌ অবরোধও পুনর্বহাল করে।
সর্বশেষ লারাক দ্বীপে মার্কিন হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। তবে ইরানের দাবি করা ক্ষয়ক্ষতির মাত্রা ও হামলার পূর্ণাঙ্গ ফলাফল স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইরান হামলা,মার্কিন ঘাঁটি,মধ্যপ্রাচ্য সংকট