কুয়েটে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৮-৩০ ২১:৪৭:৩৬
image

খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে ইতোমধ্যে কুয়েট ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন সাজে সাজছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ। পাশাপাশি দিনব্যাপী কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম বকুল, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এবারের বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের আইডিএম এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী।
সকাল ৯টায় অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর  জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ র‌্যালি, স্টল পরিদর্শন, ‘কুয়েটের অর্জন (ঐতিহ্য ও ভবিষ্যৎ)’ বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় আয়োজন। বিকেল ৩টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় পোস্টার/প্রজেক্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। একই সময়ে দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্ত থাকবে। বিকেল ৪টায় শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় বিশ্ববিদ্যলয়, দেশ ও জাতির কল্যাণে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন আয়োজন ও কর্মসূচিকে ঘিরে মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিবসটির বর্ণিল আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয় দিবসের দিন কুয়েট ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছে বিশ্বদ্যিালয় প্রশাসন।