মক্কা চুক্তিতে যোগদানের সিদ্ধান্ত হবে সবদিক বিবেচনায়: আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • ২০২৬-০৮-২৯ ১৪:৫৪:৩৯
image

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সবদিক বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আসাদুজ্জামান।
শনিবার সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের অবস্থান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রতিটি দেশই নিজ নিজ পররাষ্ট্রনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ভারত তাদের নীতি অনুযায়ী চলবে, বাংলাদেশও নিজেদের নীতি ও জাতীয় স্বার্থকে সামনে রেখেই সিদ্ধান্ত নেবে। তাঁর ভাষায়, ভারত ভারতের মতো চলবে, বাংলাদেশ বাংলাদেশের মতো।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ চলছে
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটিই মূল বিষয় নয়। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিতভাবে কাজ করছে।

এক বছরের মধ্যে বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
বিচার বিভাগের ডিজিটাল রূপান্তর নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ই-জুডিশিয়ারি বাস্তবায়নে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে।
আগামী এক বছরের মধ্যে বিচার বিভাগের এই ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মক্কা চুক্তি,আইনশৃঙ্খলা,ই-জুডিশিয়ারি