সন্ত্রাস-চাঁদাবাজি দমনে দেশজুড়ে বিশেষ অভিযান,অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৯ ১৪:৪৭:০৮
image

অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন, মাদক চোরাচালান বন্ধ এবং চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সহায়তা নিয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযান আরও কার্যকর করতে সভায় নতুন কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং কয়েকটি কৌশলও নির্ধারণ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সেসব কৌশল প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট
সালাহউদ্দিন আহমদ বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে ইউনিটটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। অস্ত্র উদ্ধারের কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অবৈধ অস্ত্রের সন্ধান দিতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন, তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে তথ্যের গুরুত্ব অনুযায়ী ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

পিস্তল-রিভলভারের তথ্য দিলে ৫০ হাজার
মন্ত্রী জানান, পিস্তল, রিভলভার ও শর্টগানের মতো অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সেগুলো উদ্ধারে সহযোগিতা করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া লুট হওয়া শব্দবোমা, কাঁদানে গ্যাসের গোলা এবং অন্যান্য অস্ত্র উদ্ধারে সহায়তা করা ব্যক্তিদেরও পুরস্কৃত করা হবে। এসব তথ্যের ক্ষেত্রে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকানো, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

বিশেষ অভিযান,অস্ত্র উদ্ধার,সন্ত্রাস দমন