এ স এ ম আ জা দ হো সে ন

  • এ জনমে কি তোমার সাথে আমার দেখা হবে না!
  • ২০২৬-০৮-২৯ ০৯:৪৮:৩৭
image

এ জনমে কি তোমার সাথে আমার দেখা হবে না!
একবার-শুধু একবার,
কোনো আয়োজন নয়,কোনো পরিচয়ের দাবি নয়,
হঠাৎ কোনো অচেনা বিকেলে
তুমি এসে দাঁড়াবে আমার সামনে?

আমি কিছু বলব না,
শুধু তোমার চোখের দিকে তাকিয়ে বুঝে নেব-
যে গল্পটা এতদিন শব্দহীন ছিল,
তার প্রতিটি বাক্য তুমি আমার মতোই পড়েছ।

হয়তো আমাদের পথ দুটো
দুই শহরের মতো দূরে সরে গেছে,
তবু কিছু মানুষ দূরে থেকেও
মনের ভেতর ঠিকানা বদলায় না।

তাই যদি নিয়তি খুব কঠিন না হয়,
যদি সময়ের কাছে একটু অবসর থাকে-
একবার দেখা হোক তোমার সাথে।
কথা না হোক,
অভিমান না হোক,
শুধু চোখের ভেতর চোখ রেখে
নীরবে জেনে নিই-

আমরা সত্যিই একে অপরের ছিলাম,
নাকি সারাজীবন
শুধু একে অপরকে খুঁজেই গেলাম।