ভাবছি, তোমাকে বীজ দেবো
আকাশ বাতাস জল
এমনকি একখণ্ড উর্বর ভূমিও দেবো
তুমি বীজটা বুনে দিও,
অংকুরিত হয়ে সেই বীজ একদিন মহীরুহ হবে
ফলে-ফুলে ছায়া আর স্নিগ্ধতায় ভরে যাবে তোমার আঙিনা।
একটি মহীরুহ'র যত্ন করেই কেটে যাবে তোমার সারাবেলা,
তুমি সুশীতল ছায়ায় পরিতৃপ্ত হবে
আজীবন সুখে থাকবে।
বিনিময়ে আমি তেমন কিছু চাইবোনা
না না, কোন জাগতিক সুখশান্তি দরকার নেই আমার
তুমি শুধু সেই অনুভবটুকু দিও
যে অনুভবে আমি পুড়ে পুড়ে অঙ্গার হবো, ক্ষয়ে যাবে আমার বোধ
আমি নিঃশব্দে ছাই হবো।
এই চাওয়াটুকু থেকে বঞ্চিত করোনা আমায়।
সবকিছু যদি শুধু তুমিই নাও
আমারতো কিছু পাওয়ার অধিকার আছে!
বিনিময় না হলে পাওয়ার মূল্য কেউ বোঝেনা
তুমিও বুঝবেনা আমার নিঃস্বার্থ ত্যাগের ঐশ্বরিক মহিমা।
আসলে বৃক্ষ আর প্রেম একে অন্যের পরিপূরক
দুজনই নিজেদের বিকিয়ে দেয় অন্যের
সুখের তাড়নায়
নিঃশব্দে নিঃস্বার্থে অনুভবে...