তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠ

  • মাহবুবুর রহমান মুন্না,
  • ২০২৬-০৮-২৭ ২৩:৩২:২৪
image

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা খুলনা শাখার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, কৃতিত্ব, নিয়মিত উপস্থিতি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে মহানগরীর খালিশপুরের বানৌজা তিতুমীরের ফেয়ারওয়েল হলে  আয়োজিত অনুষ্ঠান পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য, হামদ-নাত, দেশাত্মবোধক ও ইংরেজি গান, কবিতা আবৃত্তি, নাট্য পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি নিয়মিত উপস্থিতি, মেধা, বৃত্তি ও বিশেষ কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের ১ম সেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক এবং ২য় সেশনে সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।
তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, জ্ঞানার্জন ও ইসলামী মূল্যবোধের আলোকে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের ১ম সেশনে প্রধান অতিথি খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান এবং ২য় সেশনে খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ডিসি মো. রেজাউর রহমান তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১ম সেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম এবং ২য় সেশনে খুলনা শাখাসমূহের জোন ইনচার্জ আ,খ,ম মাছুম বিল্লাহ।
তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আদর্শ, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে পুরস্কারপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও কল্যাণ কামনা করা হয়। পরে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের মূল বার্তা ছিল “আজকের মেধাবী শিক্ষার্থীই আগামী দিনের আলোকিত সমাজ ও সমৃদ্ধ দেশের নির্মাতা।”