শিরোমণি এনজয় ক্রীড়া চক্রের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে নাফিসা একাদশের জয়

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৮-২৭ ২০:২২:৪১
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জমজমাট সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী নাফিসা একাদশ ১-০ গোলে পরাজিত করেছে টাইগার ভয়েস একাদশকে। 'শিরোমণি এনজয় ক্রীড়া চক্র'-এর উদ্যোগে আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬'এর শেষ চারের এই উত্তেজনাপূর্ণ লড়াই  বৃহস্পতিবার (২৭ আগস্ট)অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও প্রতিআক্রমণে মাঠ কাঁপিয়ে তোলে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলের রক্ষণভাগই ভালো দক্ষতা দেখায়। তবে খেলার দ্বিতীয়ার্ধে  নাফিসা একাদশের আক্রমণকারী মাহবুব হাসান অসাধারণ কৌশলে একমাত্র বিজয়ী গোলটি উপহার দেন। টাইগার ভয়েস একাদশ সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করলেও নাফিসা একাদশের রক্ষনভাগ শক্ত অবস্থান বজায় রাখে। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে শেষ হাসি হাসে নাফিসা একাদশ।
উক্ত সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটু। আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, মোল্লা মোকসেদ আলী, আলহাজ্ব শেখ সোহেল আজম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টটিকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠ জুড়ে দর্শকদের সমর্থন ও উল্লাস খেলোয়াড়দের উজ্জীবিত করে। আয়োজকদের পক্ষে মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও মোঃ রবিউল মল্লিক জানিয়েছেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
সেমিফাইনাল খেলাটি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন শিরোমণি এনজয় ক্রীড়া চক্রের সভাপতি। সেরা খেলোয়াড় হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন নাফিসা একাদশের মাহবুব হোসেন। খেলা পরিচালনা করেন মোহাম্মদ হাসান।