গোমস্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফ’র ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত,বিজিবি’র কড়া প্রতিবাদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৭ ১৪:৫২:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের  চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পরে তাঁদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজীগ্রাম কলকলিয়া (বড়বিল্ল্যা) এলাকা দিয়ে ৬ জনকে (পুরুষ) পুশইনের চেষ্টা করে বিএসএফ। নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬/এমপি’র নিকট দিয়ে ১২ বিএসএফ ব্যাটিালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা এ চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবি’র রামাদাসপুর বিওপির টহলদল ঘটনাস্থলে পৌঁছে ওই জনকে ভারতীয় সীমান্তের শূণ্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। এরপর তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে ভারতীয় ভূখন্ডে  ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ১৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই ৬ জন এখনও সীমান্তের শূণ্য লাইনে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ’র সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ওই সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহব্বান করা হয়েছে।
রামদাসপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, সীমান্তের  শুণ্য লাইনের ওই এলাকা জঙ্গলবেষ্টিত। পুশইনের চেষ্টাকৃতরা জঙ্গলের ওপারে রয়েছেন। সকাল সোয়া ৯টার পর তাঁদের আর দেখা যাচ্ছে না। ওই সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে।
সংম্লিস্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম এবং গ্রাম পুলিশ আন্টু আলী বলেন, ঘটনাটি তাঁরা জানতে পেরেছেন। বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি।