ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে প্রাণ গেল ১৫ নবজাতকের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-২৬ ১৪:৪৯:২৮
image

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক রাখার কক্ষে এ আগুনের ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনের বরাতে জানা গেছে, স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় অবস্থিত ওই বিভাগে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় কক্ষে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১৫ জন আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
হাসপাতালটি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের আওতাধীন একটি চিকিৎসাকেন্দ্র।
ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নবজাতকদের রাখার কক্ষে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ১৫ নবজাতকের মৃত্যু হয়।
হাসপাতালের মুখপাত্র চিকিৎসক আনীজা জলিল জানান, আগুন লাগার খবর পাওয়ার পর কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তাঁরা কেবল একজন শিশুকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। অন্য নবজাতকদের উদ্ধার করা সম্ভব হয়নি।
মর্মান্তিক এই ঘটনায় হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ ও কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইসলামাবাদ পুলিশ। ইতোমধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: জিও নিউজ, ডন
ইসলামাবাদ, অগ্নিকাণ্ড, নবজাতক