ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৬ ১০:০১:২৩
image

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করলে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতিকালে ভিভিআইপি লাউঞ্জে দুই নেতা বৈঠকে মিলিত হন। এ সময় বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাঁদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
ভুটানের রাজা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে ভুটানের পক্ষ থেকেও বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি শুভকামনা জানানো হয়।
আলোচনায় বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। বিশেষ করে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে ভুটানের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার পিতা প্রয়াত রাজা জিগমে সিংগে ওয়াংচুকের আন্তরিকতা ও শুভকামনার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ভুটানের রাজা তাঁর পরিকল্পিত ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশের পাশাপাশি এর প্রশংসা করেন।
তিনি বলেন, পারস্পরিক কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভুটান, রাষ্ট্রপতি, দ্বিপক্ষীয় সম্পর্ক