চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সেবাদান প্রক্রিয়া ডিজিটালাইজেশনের লক্ষ্যে ‘হাসপাতাল অটোমেশন সিষ্টেম’ এর পরীক্ষামূলক কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫আগষ্ট) সকাল ১১টায় জেলা পরিষদের বাস্তবায়নে হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সিষ্টেম উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ।
অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিতকরণ, রোগিদের হয়রানি কমানো,স্বাস্থ্যসেবার ডিজিটালাইজেশনের জন্য এ কার্যক্রম চালু করা হল। এখন থেকে টিকিট কাটা থেকে শুরু করে রিপোর্ট পাওয়া পর্যন্ত সবকিছুই হবে ডিজিটাল পদ্ধতিতে। একবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দিয়ে রেজিষ্ট্রেশন করলে সারাজীবন একজন ব্যক্তি হাসপাতালের টিকিট কাটা, ফার্মেসি,ঔষুধ নেয়া,ভর্তি, চিকিৎসক দেখানো, পরীক্ষা ও অপারেশন করা সবকিছুই ওই রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমেই করতে পারবেন। এছাড়া হাসপাতালের ঔষুধের পরিমান, সরবরাহ ব্যবস্থাপনা, বিভিন্ন পরীক্ষার ফলাফল,চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ সবকিছুই ডিজিটাল রেজিষ্টারে তোলা হবে। ফলে সেবার চিত্র আমুল বদলে যাবে এবং দুনীর্তির পরিমান কমে আসবে।
অনুষ্ঠানে হারুন বলেন, ২০২৭ সালের মধ্যে নির্মাণ হওয়া ডায়ালাইসিস ইউনিট ও আইসিইউ যন্ত্রপাতি ও জনবল এনে চালু করা হবে। বিদ্যূৎ সমস্যা সমাধানে চালু করা হবে সোলার সিষ্টেম। এ জন্য জেলা পরিষদ আপাতত: ২০ লক্ষ টাকা দিবে। এছাড়া হাসপাতালের চিকিৎসক সংকট দূর করতে ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতাল তত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা, এ.কে.এম সাহাবুদ্দীন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত,হাসপাতালের আরএমও ডা.মাহবুব হাসান প্রমুখ।