রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৫ ২৩:৪০:২৩
image

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচলে শৃঙ্খলা ফেরাতে দ্রুত একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালায় এসব যান কোন সড়কে চলতে পারবে, কোথায় চলাচল সীমিত থাকবে এবং নির্দিষ্ট এলাকায় কী পরিমাণ রিকশাকে অনুমতি দেওয়া হবে-এসব বিষয় নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, নীতিমালায় শুধু চলাচলের ক্ষেত্র নির্ধারণ নয়, ব্যাটারিচালিত রিকশার কারিগরি মান, নিরাপত্তা, সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। যানবাহনগুলো নির্ধারিত মানদণ্ড পূরণ করছে কি না, তাও যাচাইয়ের আওতায় আনা হবে।
উপদেষ্টা বলেন, গত কয়েক বছরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ও চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব যান সাধারণ মানুষের চলাচলে সুবিধা দিলেও অনিয়ন্ত্রিত উপস্থিতির কারণে যানজট ও সড়ক ব্যবস্থাপনায় নানা সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি চালকদের যথাযথ প্রশিক্ষণের অভাব এবং যানগুলোর কারিগরি নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই কার্যকর নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার চলাচলকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা হবে। এর মাধ্যমে নগরীর ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল আরও সুশৃঙ্খল করার পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড
সংবাদ সম্মেলনে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর তথ্যও জানানো হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণের মধ্য দিয়ে এ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
ডা. জাহেদ উর রহমান জানান, চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এজন্য সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।
তিনি বলেন, নিম্নআয়ের মানুষের হাতে সরাসরি অর্থ পৌঁছানোর ফলে তাদের জীবনযাত্রায় সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে পণ্যের চাহিদাও বাড়তে পারে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার সম্ভাবনা রয়েছে।
সরকারের এই উদ্যোগে সামাজিক সুরক্ষার পাশাপাশি অর্থনীতির প্রান্তিক পর্যায়ে অর্থের প্রবাহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিকশা, নীতিমালা, ফ্যামিলি কার্ড