খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক অনুষ্ঠান “স্বপ্ন দেখো,বিশ্বাস রাখো,

  • মাহবুবুর রহমান মুন্না,
  • ২০২৬-০৮-২৫ ২৩:০০:১৮
image

শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তা, স্বপ্ন দেখার সাহস ও ভবিষ্যৎ গড়ার মানসিকতা তৈরি করার লক্ষ্যে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক কাজের অংশ হিসেবে SoulViva-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের ইতিবাচক বিকাশ ও অনুপ্রেরণামূলক কার্যক্রমে SoulViva-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ তরিকুল ইসলাম (তারেক)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আজকের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ”—তাই শিক্ষাজীবন থেকেই সঠিক লক্ষ্য নির্ধারণ করে নিজেকে প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির বাবু উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি মাহবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ, উন্নয়ন কর্মী সুজান্না লোপা বাড়ই, পূজা রানী সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত কার্যবিবরণীঃ
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য, জীবনমুখী আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বপ্ন, লক্ষ্য, আত্মবিশ্বাস, পরিশ্রম, মনোযোগ ও ইতিবাচক মানসিকতা নিয়ে বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের মতামত ও ভবিষ্যৎ ভাবনা জানার সুযোগ তৈরি করা হয়। শেষে শিক্ষার্থীদের ইতিবাচক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে পরিবার ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজক SoulViva মনে করে, একটি সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনের জন্য শিশু-কিশোরদের মানসিক ও ব্যক্তিগত বিকাশে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই ভবিষ্যতে স্কুল, কলেজ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য মোটিভেশনাল সেশন, জীবনদক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক জীবনচর্চামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছে SoulViva।
অনুষ্ঠানের মূল বার্তা ছিল-“স্বপ্ন দেখো। বিশ্বাস রাখো। অর্জন করো।”“আজকের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ।”