ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৫ ০০:১৪:৩২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগহঞ্জের ভোলাহাট উপজেলা থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,সোমবার(২৪ আগষ্ট)  সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেয়া খবরে মুসলিমপুর এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের নাকে ও পায়ের আঙ্গুলে  রক্ত বের হয়ে আঁচড়ের দাগের মত দেখা গেছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন, গত রবিবার(২৩ আগষ্ট)  স্থানীয় একটি ক্লাবের সদস্যরা পরিচ্ছন্ন করার জন্য মানসিক ভারসাম্যহীন ঝাঁকড়া জট বাঁধা চুলের ওই যুবককে চুল কেটে নাড়া করে দেয় এবং সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এ সময় তিনি কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু ওই যুবক হাসপাতাল ছেড়ে চলে যান। পরে সোমবার সকালে হাসপাতাল থেকে প্রায় ৫০০ গজ দূরে তাঁর মরদেহ পাওয়া যায়।
ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে ও  পরিচয় শনাক্তের জন্য মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, ওই যুবক বেশ কয়েক বছর যাবৎ ভোলাহাটের বীরেশ^রপুর এলাকায় ঘোরঘুরি করতেন। তাঁর বাড়ি টাঙ্গাইল শোনা গেলেও টাঙ্গাইল পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
এদিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ সাহা বলেন, রবিবার সন্ধ্যার দিকে  মানসিক ভারসাম্যহীন দেখতে ও অপরিচ্ছন্ন অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। কিন্তু তাঁর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষা নীরিক্ষার আগেই তিনি হাসপাতাল ছেড়ে চলে যান।