রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও তাঁদের দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম।
এক বিবৃতিতে তাঁরা বলেন, একটি পরিবারের চারজন মানুষকে একই ঘটনায় প্রাণ হারাতে হয়েছে—এটি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশের বক্তব্যের পরও নিহত পরিবারের স্বজনদের পক্ষ থেকে নানা প্রশ্ন ও সন্দেহের কথা প্রকাশ করা হয়েছে। ফলে নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা জরুরি।
তাঁরা বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, মাদক ও অপরাধের বিস্তার যদি সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়ে দেয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—স্বরাষ্ট্রমন্ত্রী কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন? নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কোনো বড় ধরনের দুর্বলতা রয়েছে?
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও মহাসচিব আরও বলেন, এই প্রশ্নের রাজনৈতিক দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তদন্তের আগে অপরাধী হিসেবে চিহ্নিত না করে সুষ্ঠু তদন্ত, বৈজ্ঞানিক প্রমাণ ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।