পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আরও সুনির্দিষ্টভাবে পরিচালনার লক্ষ্যে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় তাঁকে সহায়তা করতেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত অন্যান্য দায়িত্ব দেখভাল করবেন।
অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিষয়, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণসংক্রান্ত কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন।
তাঁর দায়িত্বের পরিধিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও রাখা হয়েছে।
সরকারের এই দায়িত্ব বণ্টনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বের সুস্পষ্ট বিভাজন তৈরি হলো। সংশ্লিষ্ট দুই প্রতিমন্ত্রী নিজ নিজ ক্ষেত্রের কার্যক্রমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
দায়িত্ব বণ্টন, পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনীতি